logo
menu
২০২৬ সালে স্যামসাং টিভিতে যুক্ত হচ্ছে গুগল ফটোস

২০২৬ সালে স্যামসাং টিভিতে যুক্ত হচ্ছে গুগল ফটোস


বড় পর্দায় নিজের ছবি ও ভিডিও দেখার ক্ষেত্রে এত দিন গুগল ফটোস ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েড টিভিতে কাস্ট করা বা আলাদাভাবে অ্যাপ ইনস্টল করার মতো সীমিত ও জটিল উপায়ের ওপর নির্ভর করতে হতো। সেই সমস্যার পরিবর্তন আনতে যাচ্ছে স্যামসাং। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৬ সাল থেকে তাদের স্মার্ট টিভিতে সরাসরি গুগল ফটোস ব্যবহারের সুবিধা চালু করা হবে।

সোমবার এক ঘোষণায় স্যামসাং জানায়, প্রাথমিকভাবে টিভিতে গুগল ফটোসের ‘মেমোরিজ’ ফিচার যুক্ত করা হবে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের বাছাই করা ছবি ও ভিডিও স্বয়ংক্রিয়ভাবে বড় পর্দায় প্রদর্শিত হবে। তবে শুরুতে প্রথম ছয় মাস এই সুবিধাটি শুধু স্যামসাং টিভির জন্য পাওয়া যাবে। স্যামসাংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, টিভিতে ছবি ও ভিডিও দেখতে হলে ব্যবহারকারীদের নিজ নিজ গুগল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। এতে টিভির সঙ্গে ব্যবহারকারীর গুগল ফটোস লাইব্রেরির সংযোগ স্থাপন হবে এবং সংরক্ষিত কনটেন্ট বড় পর্দায় উপভোগ করা যাবে। এ ছাড়া ভবিষ্যতে গুগল ফটোসের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক আরও কিছু সুবিধা যুক্ত করার পরিকল্পনার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে ন্যানো বানানা প্রযুক্তিনির্ভর টেমপ্লেট, ছবি তৈরি ও সম্পাদনার সুবিধা এবং ‘রিমিক্স’ ফিচার। রিমিক্স ফিচারের মাধ্যমে কোনো বিদ্যমান ছবিকে ভিন্ন রূপে পরিবর্তন করা যাবে।

গুগল ফটোস ও গুগল ওয়ানের ভাইস প্রেসিডেন্ট শিমরিত বেন ইয়ার এক বিবৃতিতে বলেন, গুগল ফটোস মানুষের ছবি ও ভিডিও সংরক্ষণ ও সাজানোর একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। স্যামসাং টিভিতে গুগল ফটোস যুক্ত হলে বড় পর্দায় প্রিয় মুহূর্তগুলো দেখার পাশাপাশি মানুষ নতুনভাবে নিজেদের স্মৃতির সঙ্গে যুক্ত হতে পারবে।

সূত্র: টেকক্রাঞ্চ

দেশের বাজারে গিগাবাইটের নতুন মাদারবোর্ড

দেশের বাজারে গিগাবাইটের নতুন মাদারবোর্ড


বাংলাদেশের বাজারে বি৮৫০আই অরোস প্রো (মিনি–আইটিএক্স) মডেলের নতুন মাদারবোর্ড এনেছে গিগাবাইট। এএমডি এএম৫ সকেটযুক্ত মাদারবোর্ডটি এএমডি রাইজেন ৭০০০/৮০০০/৯০০০ সিরিজের প্রসেসর সমর্থন করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গিগাবাইট বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আকারে ছোট হলেও মাদারবোর্ডটিতে দুটি ডিডিআরফাইভ ডিআইএমএম স্লট রয়েছে, যা সর্বোচ্চ ১২৮ গিগাবাইট র‍্যাম সমর্থন করে। শুধু তা–ই নয়, আলট্রা–ফাস্ট এসএসডি ও প্রচলিত এইচডিডি একসঙ্গে ব্যবহার করা যাওয়ায় মাদারবোর্ডটি গেম খেলার পাশাপাশি সৃজনশীল কাজের ক্ষেত্রে বাড়তি সুবিধা দেয়।

মাদারবোর্ডটিতে রয়েছে ওয়াই–ফাই ৭ ও ২.৫ গিগাবিট এলএএন–সুবিধা, যা দ্রুত ও স্থিতিশীল ইন্টারনেট সংযোগ নিশ্চিত করে। ইউএসবি টাইপ সি, এইচডিএমআই ও ডিসপ্লে পোর্টসহ সমৃদ্ধ আই/ও প্যানেলযুক্ত মাদারবোর্ডটির আকার মাত্র ১৭ বাই ১৭ সেন্টিমিটার হওয়ায় ছোট কেসিংয়েও ব্যবহার করা যায়।

গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান জানিয়েছেন, গিগাবাইটের অনুমোদিত পরিবেশক স্মার্ট টেকনোলজিস দেশের বাজারে মাদারবোর্ডটি বাজারজাত করছে। মাদারবোর্ডটির দাম ধরা হয়েছে ৪৩ হাজার টাকা।

এল আইওএস ২৬.২, লক স্ক্রিনে লিকুইড গ্লাসের স্বচ্ছতা কমছে

এল আইওএস ২৬.২, লক স্ক্রিনে লিকুইড গ্লাসের স্বচ্ছতা কমছে


আইওএস ২৬.২ সংস্করণে লিকুইড গ্লাস নকশার স্বচ্ছতা আরও নিয়ন্ত্রণের সুযোগ এনেছে অ্যাপল। নতুন এ হালনাগাদে ব্যবহারকারীরা লক স্ক্রিনে থাকা ঘড়ির স্বচ্ছতা আলাদাভাবে সমন্বয় করতে পারবেন। এতে প্রয়োজন অনুযায়ী ঘড়ির লেখা আরও স্পষ্ট করে দেখার সুযোগ মিলবে।

এর আগে আইওএস ২৬.১ সংস্করণে পুরো অপারেটিং সিস্টেমজুড়ে লিকুইড গ্লাস উপাদানের স্বচ্ছতা কমাতে একটি স্লাইডার যুক্ত করে অ্যাপল। অতিরিক্ত স্বচ্ছতার কারণে আইফোনসহ বিভিন্ন অ্যাপল যন্ত্রে লেখা ও গুরুত্বপূর্ণ তথ্য পড়তে অসুবিধা হচ্ছে—এমন ব্যবহারকারী অভিযোগের পরিপ্রেক্ষিতেই সেই পরিবর্তন আনা হয়।

আইওএস ২৬–এর মাধ্যমে অ্যাপল প্রথমবারের মতো নতুন ডিজাইন ল্যাঙ্গুয়েজ ‘লিকুইড গ্লাস’ চালু করে। এই নকশায় বাটন, স্লাইডার ও নোটিফিকেশনের মতো বিভিন্ন ইন্টারফেস উপাদান আধা স্বচ্ছ করা হয়। পাশাপাশি এগুলোকে কাচের মতো দৃশ্যমান করা হয়। ফলে এটি আগের নকশা থেকে আলাদা একটি দেখার অভিজ্ঞতা তৈরি করে।

অ্যাপলের তথ্য অনুযায়ী, এই নকশা আনা হয় অপারেটিং সিস্টেমকে আরও আধুনিক করতে এবং ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক স্মার্ট গ্লাসের মতো নতুন ধরনের যন্ত্রের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য। তবে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। অনেকেই জানান, অতিরিক্ত স্বচ্ছতার কারণে নোটিফিকেশন পড়া কিংবা অ্যাপল মিউজিকে গানের শিল্পীর নাম দেখার মতো সাধারণ কাজেও অসুবিধা হচ্ছিল।

এই পটভূমিতেই আইওএস ২৬.১–এ লিকুইড গ্লাসের স্বচ্ছতা কমিয়ে অপেক্ষাকৃত ‘ফ্রস্টেড’ বা ঘোলাটে লুক ফিরিয়ে আনার অপশন যুক্ত করে অ্যাপল। আইওএস ২৬.২–এ লক স্ক্রিনের ঘড়ির জন্য আলাদা ‘গ্লাসিনেস’ স্লাইডার যুক্ত হওয়াও সেই ধারাবাহিকতার অংশ। তবে এবার পুরো সিস্টেমে একযোগে পরিবর্তন না এনে নির্দিষ্ট একটি উপাদানে কাস্টমাইজেশনের সুযোগ রাখা হয়েছে।

প্রযুক্তিবিশ্লেষকদের মতে, ধারাবাহিক এসব পরিবর্তনের ফলে বোঝা যাচ্ছে লিকুইড গ্লাস নকশাকে অ্যাপল এখনো পুরোপুরি চূড়ান্ত রূপ হিসেবে দেখছে না। পরিবর্তনের সময়টিও তাৎপর্যপূর্ণ। চলতি মাসের শুরুতে অ্যাপল নিশ্চিত করে, লিকুইড গ্লাস নকশার পেছনে থাকা শীর্ষ ডিজাইন নির্বাহী অ্যালান ডাই প্রতিষ্ঠানটি ছেড়ে মেটায় যোগ দিয়েছেন। যদিও অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁকে সরিয়ে দেওয়া হয়নি। তাঁর স্থানে দায়িত্ব পেয়েছেন অ্যাপলের দীর্ঘদিনের ডিজাইনার স্টিফেন লেমে। অ্যালান ডাইয়ের তুলনায় স্টিফেন লেমের অভিজ্ঞতা মূলত ইন্টারফেস ও ইন্টারঅ্যাকশন ডিজাইনকেন্দ্রিক। অনেকের মতে, ব্যবহারযোগ্যতা নিয়ে লিকুইড গ্লাস নকশায় যে প্রশ্ন উঠেছে, তা সমাধানে এই দক্ষতাই এখন বেশি প্রয়োজন।

লিকুইড গ্লাসের পরিবর্তনের পাশাপাশি আইওএস ২৬.২ সংস্করণে যুক্ত হয়েছে আরও কয়েকটি নতুন ফিচার। ব্যবহারকারীরা এখন পরিচিত তালিকায় না থাকা ব্যক্তির সঙ্গে এয়ারড্রপ কোড তৈরি করে ফাইল বা ছবি শেয়ার করতে পারবেন। এতে সংশ্লিষ্ট ব্যক্তি ৩০ দিনের জন্য ‘পরিচিত’ এয়ারড্রপ কন্টাক্ট হিসেবে যুক্ত থাকবেন। কর্মক্ষেত্র বা স্বল্পমেয়াদি যোগাযোগের ক্ষেত্রে এই সুবিধা কার্যকর হতে পারে। এ ছাড়া রিমাইন্ডারস অ্যাপে অ্যালার্ম ব্যবহারের সুবিধা যোগ হয়েছে। অ্যাপল নিউজে যুক্ত হয়েছে ‘ফলোয়িং’ ট্যাব এবং নেভিগেশনে আনা হয়েছে কিছু পরিবর্তন। অ্যাপল মিউজিকে যুক্ত হয়েছে অফলাইন লিরিকস সুবিধা। পডকাস্টস অ্যাপে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাপ্টার, ‘পডকাস্ট মেনশন’ ফিচারসহ আরও কিছু নতুন সংযোজন। অন্যদিকে অ্যাপল ওয়াচ ব্যবহারকারীরা এখন ঘুমের মান ও নির্ধারিত লক্ষ্য পূরণের ভিত্তিতে একটি ‘স্লিপ স্কোর’ দেখতে পারবেন, যা ঘুমের সামগ্রিক অবস্থা মূল্যায়নে সহায়ক হবে।

এ ছাড়া শুক্রবার অ্যাপল আইফোন, আইপ্যাড, ম্যাক, অ্যাপল টিভি, অ্যাপল ওয়াচসহ তাদের প্রধান পণ্যগুলোর জন্য একাধিক গুরুত্বপূর্ণ নিরাপত্তা আপডেট প্রকাশ করেছে। সক্রিয় হ্যাকিং অভিযানে ব্যবহৃত বিভিন্ন নিরাপত্তা দুর্বলতা বন্ধ করতেই এসব আপডেট আনা হয়েছে।

সূত্র: টেকক্রাঞ্চ

ভিভোর সঙ্গে এক কিটেই পেশাদার ফটোগ্রাফি

ভিভোর সঙ্গে এক কিটেই পেশাদার ফটোগ্রাফি


এত দিন টেলিফটো ফটোগ্রাফি মানেই ছিল দামি ডিএসএলআর ক্যামেরা, অত্যাধুনিক লেন্স ও ভারী সরঞ্জাম। সেই ধারণা বদলে দিচ্ছে স্মার্টফোন নির্মাতা ভিভো। অপটিকস প্রস্তুতকারক জাইসের সঙ্গে যৌথভাবে তারা নিয়ে এসেছে ভিভো এক্স৩০০ প্রো ও জাইস ২.৩৫ এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট। জাইসের সহযোগিতায় তৈরি এই কিট ফোনের ক্যামেরার জুম ক্ষমতা বাড়ায় ২০০ গুণ পর্যন্ত।

ভিভো এক্স৩০০ প্রোতে আছে ২০০ মেগাপিক্সেল জাইস এপিও টেলিফটো ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল জাইস গিম্বল-গ্রেড ক্যামেরা, যা দূরের বিষয় জুম করলেও ছবি থাকে স্থির ও পরিষ্কার। জাইস ২.৩৫এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট যুক্ত হলে ফোনটিতে পাওয়া যায় ২০০ মিমি টেলিফটো রেঞ্জ। ফলে দূরের দৃশ্য, স্টেজ শো বা চলমান মুহূর্তকে আরও স্পষ্টভাবে ফ্রেমবন্দী করে। এ ছাড়া এক্স৩০০ প্রো-এর ২০০ মেগাপিক্সেল ক্যামেরার এইচপিবি সেন্সরকে পুরোপুরি কাজে লাগিয়ে এই এক্সটেন্ডার কিট উচ্চ রেজল্যুশনের ছবি নিশ্চিত করে।

এক্সটেন্ডার কিটটির ওজন মাত্র ২১০ গ্রাম হওয়ায় এটি একদম হালকা ও সহজে বহনযোগ্য। এটি দিয়ে ন্যূনতম ১ মিটার ফোকাস দূরত্বে কাছের বস্তু থেকেও সূক্ষ্ম ডিটেইল ধারণ করা যায়। ফটোগ্রাফিতে ব্যক্তিগত স্টাইল যোগ করে পেশাদার কাজকে নতুন মাত্রা দেবে জাইস ২.৩৫এক্স টেলিফটো এক্সটেন্ডার কিট। দেশের বাজারে জাইস টেলিফটো এক্সটেন্ডার কিটের দাম ২৮ হাজার ৯৯৯ টাকা আর এক্স৩০০ প্রো ফোনের দাম ১ লাখ ৪৯ হাজার ৯৯৯ টাকা।

আইফোন ১৭ বাজারে এলেও কেন বিশ্বে বিক্রির শীর্ষে আইফোন ১৬

আইফোন ১৭ বাজারে এলেও কেন বিশ্বে বিক্রির শীর্ষে আইফোন ১৬


বেশ কিছু আকর্ষণীয় ফিচার নিয়ে অ্যাপলের সর্বশেষ আইফোন ১৭ সিরিজ বাজারে এসেছে। তবু বিশ্ববাজারে বিক্রির দৌড়ে এখনো এগিয়ে আছে গত বছরের মডেল আইফোন ১৬। বাজার গবেষণাপ্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোন ছিল আইফোন ১৬। বৈশ্বিক স্মার্টফোন বাজারে এককভাবে প্রায় ৪ শতাংশ শেয়ার দখল করেছে এই মডেল।

আইফোন ১৬, ১৬ প্রো, ১৬ প্রো ম্যাক্স ও ১৬ই–সহ শীর্ষ ১০–এ অ্যাপলের পাঁচটি মডেল জায়গা করে নিয়েছে। এর পাশাপাশি নতুন আইফোন ১৭ প্রো ম্যাক্স তালিকায় উঠলেও প্রান্তিকের শেষ দিকে এর সীমিত প্রাপ্যতা বিক্রির গতি কমিয়েছে। ফলে নতুন মডেল নিয়ে ব্যাপক আলোচনার মধ্যেও পুরোনো আইফোন ১৬ তার অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। বিশ্ববাজারে ক্রেতারা নতুন মডেলের চেয়ে তুলনামূলক সাশ্রয়ী আইফোন ১৬–কে বেশি গুরুত্ব দিচ্ছেন। এর পেছনে রয়েছে কয়েকটি স্পষ্ট কারণ।

এ১৮ চিপে দ্রুতগতির পারফরম্যান্স

আইফোন ১৬–এ ব্যবহৃত এ১৮ চিপ এখনো বাজারের দ্রুততম ও সবচেয়ে দক্ষ প্রসেসরগুলোর একটি। দৈনন্দিন ব্যবহার, ভারী অ্যাপ্লিকেশন কিংবা দীর্ঘ সময় গেম খেলা—সব ক্ষেত্রেই ফোনটি স্থিতিশীল পারফরম্যান্স দেয়। তাপমাত্রা নিয়ন্ত্রণেও এ১৮ চিপ বিশেষভাবে কার্যকর। যদিও আইফোন ১৭–এ নতুন এ১৯ চিপ যুক্ত হয়েছে, তারপরও ব্যবহারকারীদের বড় একটি অংশ মনে করছেন, এই পরিবর্তন হালনাগাদ করার মতো উল্লেখযোগ্য নয়। বেঞ্চমার্কেও এ১৮ এখনো শীর্ষ একক কোর পারফরম্যান্স ধরে রেখেছে। ফলে আইফোন ১৬ এখনো দ্রুত ও নির্ভরযোগ্য বলে বিবেচিত।

নকশায় উল্লেখযোগ্য পরিবর্তন নেই, তবু প্রিমিয়াম

আইফোন ১৬ বাজারে আসে অনুভূমিক ডুয়াল ক্যামেরা নকশা নিয়ে, যা ব্যবহারকারীদের দৃষ্টি কাড়ে। রঙের ভিন্নতা ছাড়া নতুন আইফোন ১৭–এ নকশাগত পরিবর্তন খুব বেশি নেই। অ্যালুমিনিয়াম ফ্রেম, সিরামিক শিল্ড ও হালকা ওজন—সবকিছু মিলিয়ে আইফোন ১৬ এখনো প্রিমিয়াম অভিজ্ঞতা দেয়। নন–প্রো মডেলে অ্যাকশন বাটন যুক্ত হওয়াও ব্যবহারকারীদের কাছে বড় সুবিধা হিসেবে দেখা দিয়েছে। নকশায় বড় কোনো পরিবর্তন না থাকায় অনেক ক্রেতার কাছে আইফোন ১৬ আরও যুক্তিসংগত বিকল্প হয়ে উঠেছে।

ক্যামেরা এখনো প্রতিযোগিতায় শক্ত অবস্থানে

৪৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরা ও ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স নিয়ে আইফোন ১৬–এর এই ক্যামেরা এখনো শীর্ষে রয়েছে। দিনের ছবি, রঙের নির্ভুলতা, ডায়নামিক রেঞ্জ ও আলট্রা ওয়াইড লেন্সের ব্যবহার—সব ক্ষেত্রেই এটি প্রশংসা কুড়িয়েছে। রাতের ছবি ও ভিডিও ধারণের মানও বেশ ভালো।

আইফোন ১৭ সিরিজ আসায় দাম কমেছে আইফোন ১৬–এর

প্রতিবছর নতুন আইফোন সিরিজ এলে পুরোনো মডেলের দাম কমে। তবে এবার সেই মূল্যহ্রাস ব্যবহারকারীদের আরও বেশি আকৃষ্ট করেছে। আইফোন ১৭ সিরিজ বাজারে আসার পরই আইফোন ১৬–এর দাম কমানো হয়। ফলে তুলনামূলক কম দামে ফোনটি পাওয়া যাচ্ছে বিভিন্ন দোকান ও অনলাইন প্ল্যাটফর্মে।

ছাড় ও অফার

আইফোন ১৬–এর সাফল্যের সবচেয়ে বড় কারণ বছরের বিভিন্ন সময় পাওয়া ছাড় ও ব্যাংক অফার। উৎসব মৌসুম, ফ্ল্যাশ সেল, এক্সচেঞ্জ বোনাস বা প্ল্যাটফর্মজুড়ে চলা প্রমোশন—সব মিলিয়ে আইফোন ১৬ প্রায়ই সবচেয়ে সাশ্রয়ী ফ্ল্যাগশিপ হিসেবে জায়গা করে নিয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে


বাংলাদেশ ও বিশ্বের সকল খবর, ব্রেকিং নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন নিউজসেলবিডি ডট কম।

  • গোপনীয়তার নীতি
  • শর্তাবলি
  • মন্তব্য প্রকাশের নীতিমালা
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ছুটির তালিকা
  • দিবস

সম্পাদক ও প্রকাশক: শামীম রনি

  • ফোন : 01700000000
  • ফ্যাক্স : 01700000000
  • ই-মেইল: info@newscellbd.com
  • বিজ্ঞাপন বিভাগ: ad@newscellbd.com

logo

সোশ্যাল মিডিয়া

logologologologologo
logo

নিউজলেটার

logo

মোবাইল অ্যাপস

অ্যান্ড্রয়েড

আইফোন

স্বত্ব © ২০২৫-২০২৬ নিউজ সেল

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।