
ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করে ‘বিচ্ছিন্নতাবাদী অঞ্চল’ সোমালিল্যান্ডে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা করছে ইসরায়েল। সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মোয়ালিম ফিকি এ অভিযোগ করেছেন। কথিত এই পরিকল্পনাকে আন্তর্জাতিক আইনের ‘গুরুতর লঙ্ঘন’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।
গতকাল শনিবার আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিকি বলেন, ‘আমাদের কাছে নিশ্চিত তথ্য আছে যে ইসরায়েল ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে স্থানান্তরের একটি নীলনকশা তৈরি করেছে।’ তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সোমালিল্যান্ডের প্রতি দেওয়া কূটনৈতিক স্বীকৃতি প্রত্যাহারেরও আহ্বান জানান।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জামিনের প্রথম আদেশ হলো।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ রোববার এক আসামির জামিন আবেদন মঞ্জুর করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
জামিন পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লক্ষ্মীপুরের নেতা হুমায়ুন কবির পাটোয়ারী। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন তিনি। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই ২০২৪ সালের আগস্ট মাসে তাঁকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করেছে তামিম ইকবাল সমর্থক গোষ্ঠী। মানববন্ধনে বিসিবি পরিচালক নাজমুলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। ক্ষমা না চাইলে চট্টগ্রামে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করারও হুমকি দেওয়া হয়।
আজ রোববার বিকেলে চারটায় চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার তামিম ইকবালের মানহানি করা হয়েছে। তাঁকে ‘ভারতের দালাল’ আখ্যা দেওয়া হয়েছে, যা চরম অবমাননাকর। তাই অবিলম্বে এম নাজমুল ইসলামকে বিসিবি থেকে প্রত্যাহার করতে হবে। মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দেন, নাজমুল ইসলাম প্রকাশ্যে ক্ষমা না চাইলে চট্টগ্রামজুড়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
নগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সৌরভ প্রিয় পাল বলেন, তামিম ইকবাল চট্টগ্রামের সূর্যসন্তান। তিনি শুধু একজন ক্রিকেটার নন, বাংলাদেশের সম্পদ। আন্তর্জাতিক অঙ্গনে তিনি দেশের মুখ উজ্জ্বল করেছেন। এমন একজন কিংবদন্তিকে নিয়ে বিসিবির পরিচালক কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারেন না। এই মন্তব্যের দায় তাঁকে নিতেই হবে। তাঁর পদত্যাগ ছাড়া বিকল্প নেই।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির সাবেক আহ্বায়ক রিজাউর রহমান বলেন, লাল-সবুজের পতাকা বুকে নিয়ে তামিম ইকবাল সারা বিশ্বে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন। আজ সেই ক্রীড়াঙ্গনে নষ্ট রাজনীতির সূচনা ঢুকছে। বিসিবির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের চেয়ারে বসে একজন পরিচালক তামিমকে ভারতের দালাল বলে আখ্যা দেন, এটা শুধু একজন ক্রিকেটারকে নয়, পুরো জাতিকেই অপমান করা।
মানববন্ধনে অংশ নেওয়া সমর্থকেরা ‘তামিম জাতীয় বীর’, ‘তামিম চট্টলার গর্ব’—এমন স্লোগানসংবলিত ব্যানার হাতে নিয়ে প্রতিবাদ জানান।
সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার প্রসঙ্গে এক অনুষ্ঠানে মতামত দেন তামিম ইকবাল। তিনি বলেন, ভবিষ্যতের কথা বিবেচনা করেই বিসিবির সিদ্ধান্ত নেওয়া উচিত।
এরপর তামিমের ওই মন্তব্যের একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। ‘ফ্রেন্ডস’ প্রাইভেসিতে করা সেই পোস্টে তিনি লেখেন, ‘এইবার আরও একজন পরিক্ষিত (পরীক্ষিত) ভারতীয় এজেন্ট এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।’
এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। ক্রিকেটার, সাবেক খেলোয়াড় ও সমর্থকেরা একে একে প্রতিবাদ জানান।
ক্রিকেট দলের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ফেসবুকে লিখেছেন, ‘সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্যে আমি হতবাক। একজন জাতীয় দলের ক্রিকেটার সম্পর্কে বোর্ড পরিচালকের এমন শব্দচয়ন শুধু রুচিহীনই নয়, তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং আমাদের ক্রিকেট–সংস্কৃতির পরিপন্থী।’
এ জন্য নাজমুলকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি তাইজুল ইসলামের, ‘এই মন্তব্যের বিরুদ্ধে আমি দৃঢ় প্রতিবাদ জানাচ্ছি। দায়িত্বশীল একটি পদে থেকে প্রকাশ্যে এ ধরনের বক্তব্য দেওয়া বোর্ড কর্মকর্তাদের পেশাদারত্ব, নৈতিকতা ও আচরণবিধি নিয়েই গুরুতর প্রশ্নের জন্ম দেয়। এ কারণে সংশ্লিষ্ট পরিচালকের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার পাশাপাশি তাঁকে যথাযথ জবাবদিহির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’
কোয়াবের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা এতে স্তব্ধ, বিস্মিত ও ক্ষুব্ধ। বাংলাদেশের ইতিহাসের সফলতম ওপেনার, দেশের হয়ে ১৬ বছর খেলা ক্রিকেটারকে নিয়ে একজন বোর্ড কর্মকর্তার এমন মন্তব্য চরম নিন্দনীয়।’
একই দাবি জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুমিনুল হকও। ফেসবুকে টেস্ট দলের সাবেক এই অধিনায়ক লিখেছেন, সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের মন্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং দেশের ক্রিকেট সমাজের প্রতি অপমানজনক। একজন ক্রিকেটারের প্রতি এমন আচরণ বোর্ডের দায়িত্ব ও নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক।
মুমিনুল আরও লিখেছেন, ‘একজন সিনিয়র ক্রিকেটারকে ন্যূনতম সম্মানও দেওয়া হয়নি; বরং তাঁকে জনসমক্ষে ইচ্ছাকৃতভাবে অপমান করা হয়েছে। এত বড় দায়িত্বে বসে কোথায় এবং কীভাবে কথা বলতে হয়, সেই শিষ্টাচারও দেখা যায়নি। আমি এই মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সংশ্লিষ্ট পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া ও তাঁকে জবাবদিহির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। বিসিবিকে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।’
প্রতিবাদে সরব হয়েছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদও। ফেসবুকে তিনি লিখেছেন, ‘ক্রিকেট বাংলাদেশের প্রাণ। সেই ক্রিকেটে বড় অবদান রাখা সাবেক জাতীয় অধিনায়ককে ঘিরে সাম্প্রতিক এক মন্তব্য অনেককেই ভাবিয়েছে। দেশের একজন সাবেক ক্রিকেটারকে উদ্দেশ করে এ ধরনের বক্তব্য দেশের ক্রিকেটের স্বার্থে সহায়ক নয় বলেই মনে করি। আশা করি, সংশ্লিষ্ট মহল বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং ভবিষ্যতে আরও দায়িত্বশীল অবস্থান নেবে।’
এ ঘটনায় বিসিবির কাছে একটি প্রতিবাদলিপি পাঠিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াবও। কোয়াবের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের একটি মন্তব্য ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর নজরে এসেছে। আমরা এতে স্তব্ধ, বিস্মিত ও ক্ষুব্ধ। বাংলাদেশের ইতিহাসের সফলতম ওপেনার, দেশের হয়ে ১৬ বছর খেলা ক্রিকেটারকে নিয়ে একজন বোর্ড কর্মকর্তার এমন মন্তব্য চরম নিন্দনীয়। শুধু তামিমের মতো একজন বলেই নয়, দেশের যেকোনো ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্য অগ্রহণযোগ্য এবং পুরো ক্রিকেট সমাজের জন্য অপমানজনক। আমরা এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই। একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক যখন পাবলিক প্ল্যাটফর্মে এমন মন্তব্য করেন, তখন বোর্ড কর্মকর্তাদের আচরণবিধি নিয়েও আমাদের প্রশ্ন জাগে।’

সম্প্রতি তাহসান ও রোজা আহমেদের বিবাহবার্ষিকীর এক বছর পূর্ণ হলেও দুজনকে একসঙ্গে দেখা যায়নি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। ব্যক্তিজীবন নিয়ে চলমান নানা গুঞ্জনের অবসান ঘটালেন তাহসান নিজেই। শনিবার এ সংগীতশিল্পী ও অভিনেতা প্রথম আলোকে জানান, তাঁদের বিচ্ছেদের ঘটনা সত্য। গত কয়েক মাস ধরেই আলাদা থাকছেন তাঁরা। একনজরে দেখে নেওয়া যাক বিয়ে থেকে বিচ্ছেদের খবর পর্যন্ত তাহসান ও রোজার যত ঘটনা।

এক বছর আগে মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে পারিবারিকভাবে বিয়ে করেন তাহসান খান। চার মাসের পরিচয় থেকে বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। দুজনই নিজেদের পছন্দের কথা একে অন্যকে জানান। পরে পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত হয়। বিয়ের আয়োজন থেকে প্রথম আলোকে তাহসান বলেছিলেন, ‘শুভ কাজটা আমরা আজ সেরেছি। আমরা যেন একসঙ্গে সুন্দরভাবে পথ চলতে পারি, সেই দোয়া চাই।’
বিয়ের পরপরই তাঁরা হানিমুনে উড়াল দেন মালদ্বীপে। হানিমুন থেকে ‘জীবনবুননে সুতো আমাদের অসীমগ্রথিত। এ প্রেম সুদৃঢ় স্বর্গমথিত’, এমন একটি ক্যাপশন দিয়ে কয়েকটি স্থিরচিত্র ও একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছিলেন রোজা আহমেদ।
গত মে মাসে যুক্তরাষ্ট্রে দুজনের একসঙ্গে বৃষ্টিতে ভেজার একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেন রোজা আহমেদ। সেখানে দেখা যায়, নিউইয়র্কের রাস্তায় হালকা বৃষ্টির মধ্যে হাঁটছেন তাঁরা। এক ভিডিওতে তাহসান রোজার কাঁধে হাত রেখে হেঁটে যাচ্ছেন, আরেকটিতে রোজার হাত ধরে এগিয়ে যাচ্ছেন দুজন। নাটকের মতো রোমান্টিক সেই দৃশ্যে ব্যাকগ্রাউন্ডে বাজছে গান।
সেই সময় তাহসানের মুখে গুনগুন করে গান গাওয়ার দৃশ্যটিও নজর কাড়ে ভক্তদের। এরপর একসঙ্গে তাঁদের সুইমিংপুলে দেখা যায়। যে স্থিরচিত্রগুলো ভক্তদের নজর কাড়ে। এমন দাম্পত্য সম্পর্কের মাঝে গতকাল শনিবার হঠাৎ করেই জানা যায় তাঁদের বিচ্ছেদের খবর।

তাহসান প্রথম আলোকে সাক্ষাৎকারে জানান, জুলাই মাসের পর থেকে সম্পর্কের ছন্দপতন ঘটে। তাঁরা এ সময় আলাদা থাকার সিদ্ধান্ত নেন। সেই সময়ই গান ছাড়ার সিদ্ধান্ত নেন তাহসান। প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে এ সংগীতশিল্পী আরও বলেন, ‘গত সেপ্টেম্বরে আমি অস্ট্রেলিয়া ট্যুরে আসি। সেই ট্যুরের আগে থেকেই আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি। সেই সময় থেকেই আমি ফেসবুক ও গান থেকে দূরে রয়েছি।’
বিচ্ছেদের বিষয় নিয়ে আর কিছু বলতে চাননি তাহসান। ‘এখন আমি আসলে পাবলিকলি কিছু বলতে চাই না। সঠিক সময় এলে বলব।’ বলেন এ সংগীতশিল্পী। বিচ্ছেদ নিয়ে এখনো মন্তব্য করেননি রোজা আহমেদ। এমনকি তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানের ফেসবুক পেজের কভার ফটো থেকে ইনস্টাগ্রামে দুজনের বিয়ে ও বিভিন্ন মুহূর্তের ছবি এখনো রয়েছে। তবে এই তারকার কী কারণে বিচ্ছেদ ঘটতে যাচ্ছে সেটা নিয়েও নানা গুঞ্জন শুরু হয়েছে। এসব প্রসঙ্গে তাহসান আপাতত কথা বলতে চান না।

মাসিক মূল্য অপরিবর্তিত রেখে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সব বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে কয়েক গুণ পর্যন্ত গতি বাড়ানো হয়েছে।
গ্রাহকদের উন্নত ডিজিটাল সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়ার কথা আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই উদ্যোগের ফলে গ্রাহকেরা একই খরচে আগের তুলনায় অনেক বেশি দ্রুতগতির ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন। এটি অনলাইন শিক্ষা, অফিশিয়াল কাজ, ভিডিও স্ট্রিমিং, গেমিং ও স্মার্ট সেবা ব্যবহারে নতুন মাত্রা যোগ করবে।
কোন প্যাকেজে কত গতি
নতুন ঘোষণা অনুযায়ী—
মাসিক ৩৯৯ টাকায় ৫ এমবিপিএসের ‘সুলভ-৫’ প্যাকেজ এখন ২০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-২০’।
৫০০ টাকায় ১২ এমবিপিএসের ‘সুলভ-১২’ প্যাকেজ এখন ২৫ এমবিপিএসের ‘সাশ্রয়ী-২৫’।
৫০০ টাকায় ১৫ এমবিপিএসের ‘ক্যাম্পাস-১৫’ প্যাকেজ এখন ৫০ এমবিপিএসের ‘ক্যাম্পাস-৫০’।
৮০০ টাকায় ১৫ এমবিপিএসের ‘সুলভ-১৫’ প্যাকেজ এখন ৫০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-৫০’।
১ হাজার ৫০ টাকায় ২০ এমবিপিএসের ‘সুলভ-২০’ প্যাকেজ এখন ১০০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-১০০’।
১ হাজার ১৫০ টাকায় ২৫ এমবিপিএসের ‘সুলভ-২৫’ প্যাকেজ এখন ১২০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-১২০’।
১ হাজার ৩০০ টাকায় ৩০ এমবিপিএসের ‘সুলভ-৩০’ প্যাকেজ এখন ১৩০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-১৩০’।
১ হাজার ৫০০ টাকায় ৪০ এমবিপিএসের ‘সুলভ-৪০’ প্যাকেজ এখন ১৫০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-১৫০’।
১ হাজার ৭০০ টাকায় ৫০ এমবিপিএসের ‘সুলভ-৫০’ প্যাকেজ এখন ১৭০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-১৭০’।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিটিসিএল বিশ্বাস করে এই উদ্যোগ গ্রাহকদের জন্য আরও নির্ভরযোগ্য, দ্রুত ও মানসম্মত ইন্টারনেট সেবা নিশ্চিত করবে। দেশের ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নেবে। গ্রাহকদের সন্তুষ্টি ও মানসম্মত সেবা নিশ্চিত করাই বিটিসিএলের প্রধান লক্ষ্য। ভবিষ্যতেও গ্রাহকবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে।
বাংলাদেশ ও বিশ্বের সকল খবর, ব্রেকিং নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন নিউজসেলবিডি ডট কম।
স্বত্ব © ২০২৫-২০২৬ নিউজ সেল
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।