logo
menu
ব্যবসায়ীকে পিটিয়ে টাকা আদায়ের অভিযোগ, গ্রেপ্তার হলেন অভিনেত্রী

ব্যবসায়ীকে পিটিয়ে টাকা আদায়ের অভিযোগ, গ্রেপ্তার হলেন অভিনেত্রী

ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৫ লাখ রুপি চাঁদা আদায়ের অভিযোগে অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। তার ব্যাংক অ্যাকাউন্টে চাঁদার অর্থ লেনদেনের প্রমাণও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার এ তথ্য জানানো হয়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ও তার কয়েকজন বন্ধু তরুণ নামে এক ব্যবসায়ীকে একটি শর্টফিল্মে বিনিয়োগের প্রস্তাব দেন। তবে ওই প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ ওঠে।

পুলিশ জানায়, গত ২২ আগস্ট ভোরে তরুণ তার বাসায় ফিরলে আগে থেকেই সেখানে অবস্থান করছিলেন বর্ষিণী, তার বন্ধু সঞ্জয় ও আরও দুজন। তারা ব্যবসায়ীকে মারধর করে ৫০ হাজার রুপি নগদ নিয়ে নেন। পরে ফোনে ভয়ভীতি দেখিয়ে বর্ষিণীর ব্যাংক অ্যাকাউন্টে ৩ লাখ এবং সঞ্জয়ের অ্যাকাউন্টে ২ লাখ রুপি পাঠাতে বাধ্য করা হয়।

মোট সাড়ে ৫ লাখ রুপি দেওয়ার পরও থামেনি চাঁদাবাজি। ব্যবসায়ীকে আরও ২৭ লাখ রুপি দেওয়ার জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ।

পরে তরুণ পুলিশের কাছে অভিযোগ করলে গুইন্ডি থানা তদন্ত শুরু করে। ব্যাংক লেনদেন যাচাই করে বর্ষিণীর অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরের প্রমাণ পাওয়ার পর গত ২২ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি আইফোন জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে অভিনেত্রীকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠান। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

ঢাকার পর্দায় টম ক্রুজের ডিগার

ঢাকার পর্দায় টম ক্রুজের ডিগার

টম ক্রুজ–ভক্তরা এরই মধ্যে নিশ্চয়ই জেনে গেছেন তাঁর নতুন সিনেমার খবর। ওয়ার্নার ব্রাদার্সের ব্যানারে ২ অক্টোবর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আলেহান্দ্রো জি ইনারিতু পরিচালিত ‘ডিগার’। এই সিনেমায় অন্য রকম এক চমক হিসেবে হাজির হচ্ছেন জনপ্রিয় হলিউড তারকা টম ক্রুজ। ইতিমধ্যে সিনেমার ট্রেলার দেখে তুমুল আলোচনা শুরু হয়ে গেছে দর্শকমহলে। আন্তর্জাতিক মুক্তির দিনেই স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি। এখানেই শেষ নয়, একই দিনে ‘রেসিডেন্ট ইভিল’ সিরিজের নতুন সিনেমাও মুক্তি পেতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্সে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মাল্টিপ্লেক্সটি।


ধূসর-সাদা চুল, বিরাট ভুঁড়ি, বলিরেখায় ভরা মুখ এবং সম্পূর্ণ ভিন্ন শরীরী ভাষায় টম ক্রুজকে দেখে চিনতে পারবেন না অনেকেই। চেনার কথাও নয়। কারণ, টম ক্রুজের কথা ভাবতেই চোখের সামনে যে ছবিটা আসে, তার সঙ্গে এর কোনো মিল নেই। টম ক্রুজ বরাবরই চোখধাঁধানো সুদর্শন এক নায়ক। সেই সঙ্গে আছে অসম্ভব সব স্টান্ট, দুর্বার গতি আর ‘মিশন: ইম্পসিবল’-এর ইথান হান্ট। চার দশকের বেশি সময় ধরে তিনি নিজেকে গড়ে তুলেছেন এমন এক তারকায়, যিনি বয়সকে অগ্রাহ্য করে অ্যাকশন সিনেমার সংজ্ঞাই বদলে দিয়েছেন। কিন্তু এবার সম্পূর্ণ নতুন এক চেহারায় পর্দায় আসছেন তিনি। নতুন সিনেমা ‘ডিগার’-এর ট্রেলার প্রকাশের পর দর্শকেরা রীতিমতো বিস্মিত তাঁর এই রূপান্তর দেখে। সিনেমাটি পরিচালনা করেছেন দুবারের অস্কারজয়ী মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো জি ইনারিতু। ‘বার্ডম্যান’ ও ‘দ্য রেভেন্যান্ট’-এর মতো চলচ্চিত্র নির্মাণের পর তিনি এবার নিয়ে এসেছেন এক ব্ল্যাক কমেডি, যেখানে হাসির আড়ালে লুকিয়ে আছে জলবায়ু–সংকট, করপোরেট লোভ, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার ও মানবসভ্যতার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন।

​

গল্পের কেন্দ্রে রয়েছে ডিগার রকওয়েল নামে বিশ্বের অন্যতম ক্ষমতাধর এক ধনকুবের। তার প্রতিষ্ঠানের একটি প্রকল্পের কারণে গ্রিনল্যান্ডের বিশাল হিমবাহ সরে যেতে শুরু করে। ছোট একটি পরিবেশগত বিপর্যয় মুহূর্তেই বৈশ্বিক সংকটে রূপ নেয়। বিজ্ঞানীরা সতর্ক করে, এর জেরে শুরু হতে পারে ভয়াবহ জলবায়ু বিপর্যয়, এমনকি পারমাণবিক যুদ্ধের আশঙ্কাও তৈরি হয়। কিন্তু ডিগার প্রথমে এসবকে গুরুত্বই দিতে চায় না; বরং সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলে, হিমবাহ কয়েক ফুট সরে যাওয়ায় তাঁর বহু বিলিয়ন ডলারের ব্যবসা বন্ধ করার কোনো কারণ নেই। এই ঔদ্ধত্যই ধীরে ধীরে তাকে বিশ্বের সবচেয়ে বিতর্কিত মানুষে পরিণত করে। যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন শুরু হয় তার নতুন লড়াই। পৃথিবীকে বাঁচানোর নয়; বরং নিজেকে মানবজাতির ত্রাতা হিসেবে প্রতিষ্ঠা করার।


সিনেমাটি নিয়ে আলোচনার বড় কারণ শুধু মেকআপ নয়, বরং টম ক্রুজের দীর্ঘদিনের তারকাসুলভ ইমেজ থেকে বেরিয়ে আসার ইচ্ছা। ‘টপ গান’ কিংবা ‘মিশন: ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজিতে দর্শক যে সুদর্শন, আত্মবিশ্বাসী এবং অদম্য নায়ককে দেখেছেন, ডিগার-এ তার ঠিক উল্টো এক মানুষকে হাজির করা হয়েছে। বয়সের ছাপ, অদ্ভুত আচরণ, দক্ষিণাঞ্চলীয় উচ্চারণ এবং ব্যঙ্গাত্মক ব্যক্তিত্ব, সব মিলিয়ে নতুন এক মানুষে উপস্থাপন করেছে।
টম ক্রুজ নিজেও জানিয়েছেন, চরিত্রটি তৈরি করতে তিনি পোশাক, মেকআপ, দাঁতের গঠন, হাঁটার ধরন, এমনকি সংগীতের ছন্দ পর্যন্ত নিয়ে নির্মাতার সঙ্গে বিস্তারিত কাজ করেছেন। তিনি মনে করেন, একটি চরিত্র শুধু সংলাপ দিয়ে তৈরি হয় না। চরিত্রের প্রতিটি দৃশ্যমান উপাদান গল্প বলার অংশ হয়ে ওঠে। তিনি মনে করেন, চার দশকের অভিনয়জীবনের অভিজ্ঞতা তাঁকে এই চরিত্রে পৌঁছাতে সাহায্য করেছে।
ইনারিতুও টম ক্রুজের এই রূপান্তরের প্রশংসা করেছেন। তাঁর মতে, দর্শক ক্রুজকে ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যে বহুবার দেখেছেন, কিন্তু ‘ডিগার’-এ তিনি যে অভিনয় করেছেন, সেটি সম্পূর্ণ অন্য ধরনের।

মুক্তির আগেই ১০৮ কোটি আয়, আলোচনায় নতুন হরর সিনেমা

মুক্তির আগেই ১০৮ কোটি আয়, আলোচনায় নতুন হরর সিনেমা

‘ব্যাকরুমস’ থেকে ‘অবসেশন’—চলতি বছর বক্স অফিসে সাফল্য পেয়েছে একের পর এক হরর সিনেমা। সম্ভবত সেই তালিকায় যোগ হতে যাচ্ছে ‘রেসিডেন্ট এভিল’–এর নতুন কিস্তি। জনপ্রিয় ভিডিও গেম অবলম্বনে তৈরি নতুন এই হরর সিনেমা মুক্তির আগে প্রিভিউ প্রদর্শনী থেকেই আয় করেছে ৮৮ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১০৮ কোটি টাকা। এটি এখন পর্যন্ত ‘রেসিডেন্ট এভিল’ ফ্র্যাঞ্চাইজির কোনো সিনেমার সর্বোচ্চ প্রিভিউ আয়। শুধু তা-ই নয়, নির্মাতা জ্যাক ক্রেগারের ক্যারিয়ারেও এটি হতে যাচ্ছে সবচেয়ে বড় ওপেনিং।

‘ওয়েপনস’ সিনেমার সাফল্যের পর নতুন ‘রেসিডেন্ট এভিল’ পরিচালনা করেছেন জ্যাক ক্রেগার। যুক্তরাষ্ট্রে ছবিটি প্রথম সপ্তাহান্তে চার থেকে পাঁচ কোটি ডলার আয় করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতিবাচক সমালোচনার প্রভাব পড়লে আয় ছয় কোটি ডলার পর্যন্ত পৌঁছাতে পারে বলেও পূর্বাভাস রয়েছে।


‘রেসিডেন্ট এভিল’–এর দৃশ্য। আইএমডিবি

৭ কোটি ৫০ লাখ ডলার বাজেটের সিনেমাটি বক্স অফিসে সফল হলে জ্যাক ক্রেগারের জন্য এটি হবে টানা দ্বিতীয় বড় সাফল্য। গত বছর মুক্তি পাওয়া তাঁর হরর সিনেমা ‘ওয়েপনস’ ৪ কোটি ৩০ লাখ ডলার দিয়ে যাত্রা শুরু করে শেষ পর্যন্ত বিশ্বজুড়ে আয় করেছিল ২৭ কোটি ডলার। তুলনায় ‘ওয়েপনস’ মুক্তির আগে প্রিভিউ থেকে আয় করেছিল ৫৭ লাখ ডলার।

নতুন ‘রেসিডেন্ট এভিল’ সফল হলে সিরিজটির ইতিহাসেও তৈরি হবে নতুন রেকর্ড। ১৯৯৬ সালে ভিডিও গেম হিসেবে যাত্রা শুরু করা এই ফ্র্যাঞ্চাইজির রয়েছে একাধিক সিকুয়েল, স্পিন-অফ ও রিমেক। গেমটি পরে চলচ্চিত্র ও টেলিভিশনেও রূপ পেয়েছে। ২০০০ ও ২০১০-এর দশকে মিলা জোভোভিচ অভিনীত আটটি সিনেমা দিয়ে বড় পর্দায় ব্যাপক জনপ্রিয়তা পায় ‘রেসিডেন্ট এভিল’। সিনেমাগুলো পরিচালনা করেছিলেন পল ডব্লিউ এস অ্যান্ডারসন। একসময় এই সিরিজের সিনেমাগুলোই ছিল সবচেয়ে বেশি আয় করা ভিডিও গেমভিত্তিক চলচ্চিত্র। পরে সেই রেকর্ড ছাড়িয়ে যায় ‘সুপার মারিও’ সিরিজ।
‘রেসিডেন্ট এভিল’ ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে বেশি আয় করা সিনেমা এখনো ২০১০ সালের ‘রেসিডেন্ট এভিল: আফটারলাইফ’। ছবিটি যুক্তরাষ্ট্রে ২ কোটি ৬০ লাখ ডলার দিয়ে উদ্বোধন করে এবং বিশ্বজুড়ে প্রায় ৩০ কোটি ডলার আয় করেছিল।

নতুন সিনেমায় ‘ওয়েপনস’ অভিনেতা অস্টিন আব্রামস অভিনয় করেছেন ব্রায়ান চরিত্রে। তিনি একজন মেডিক্যাল কুরিয়ার। এক রহস্যময় প্যাকেট পৌঁছে দিতে গিয়ে তিনি এমন একটি শহরে ঢুকে পড়েন, যেখানে ছড়িয়ে পড়েছে ভয়াবহ জম্বি সংক্রমণ। এরপরই শুরু হয় বেঁচে থাকার লড়াই। নতুন ‘রেসিডেন্ট এভিল’ মুক্তির পর চলতি সপ্তাহান্তে বক্স অফিসের শীর্ষ স্থান দখল করবে বলে ধারণা করা হচ্ছে। গত সপ্তাহে মুক্তি পাওয়া ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক ২’ প্রত্যাশা অনুযায়ী সাড়া না পাওয়ায় শীর্ষ স্থানটি দখল করা সময়ের ব্যাপারমাত্র বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ভ্যারাইটি অবলম্বনে

দেড় বছরের লড়াই শেষ, ক্যানসারের কাছে হার মানলেন ইমরান

দেড় বছরের লড়াই শেষ, ক্যানসারের কাছে হার মানলেন ইমরান

হেভি মেটাল ব্যান্ড ‘মেকানিক্স’-এর প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক গিটারিস্ট ইমরান আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৪১ বছর। খবরটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ‘মেকানিক্স’ ব্যান্ডের দলনেতা ও ভোকালিস্ট আফতাবুজ্জামান ত্রিদিব।

দেড় বছর আগে খাদ্যনালির ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন গিটারিস্ট ইমরান আহমেদ। এরপর চলেছে টানা চিকিৎসা। এই হাসপাতাল তো এই বাসা। গত সপ্তাহে শরীরের অবস্থা অবনতি হতে থাকে। এর পর থেকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন। আজ সকালে সেখানেই মৃত্যু হয় তাঁর।

আফতাবুজ্জামান ত্রিদিব বলেন, ‘ওর শরীরটা ভালো যাচ্ছিল না। বলা যায় এক বছর যাবত বেশি অসুস্থ ছিল। হাসপাতালেই থাকতে হয়েছে এ সময়েই। ওর জন্য সবাই দোয়া করবেন। আমরা এখন হাসপাতালেই আছি। জানাজা ও দাফনের বিষয় এখনো পারিবারিকভাবে চূড়ান্ত হয়নি। সব চূড়ান্ত হলে আমরা জানিয়ে দেব।’
২০০৫ সালে ‘মেকানিক্স’ ব্যান্ডের পথচলা শুরু। প্রথম লাইনআপে ছিলেন ইমরান আহমেদ। ২০০৭ সালে ডি রকস্টারের দ্বিতীয় সিজনে গিটারিস্ট হিসেবে পরিচিতি পান তিনি। ২০০৮ সালে ব্যান্ড ছাড়েন ইমরান আহমেদ।

‘মেকানিক্স’ ছাড়ার পর আর কোনো ব্যান্ডে যোগ দেননি ইমরান। পারিবারিক ব্যবসায় যুক্ত ছিলেন এরপর। ব্যক্তিজীবনে স্ত্রী ও একমাত্র মেয়ে রেখে গেছেন তিনি।

ক্যাটরিনাকে নিয়ে কটাক্ষ, সালমানের পাল্টা জবাব

ক্যাটরিনাকে নিয়ে কটাক্ষ, সালমানের পাল্টা জবাব

সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের চেহারা, বয়স কিংবা ওজন নিয়ে কটাক্ষ এখন যেন নিয়মিত ঘটনা। বিশেষ করে সন্তান জন্মের পর অভিনেত্রীদের শরীর নিয়ে শুরু হয় নানা মন্তব্য। এবার এই প্রবণতার বিরুদ্ধে সরব হলেন সালমান খান। ‘বিগ বস ২০’-এর ‘উইকেন্ড কা ভার’ পর্বে অনলাইন ট্রলিং নিয়ে কথা বলতে গিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, সন্তান জন্মের পর কোনো নারীর ওজন বাড়লে তাঁকে কেন কটাক্ষ করা হবে?

বর্তমানে ‘বিগ বস ২০’-এর সঞ্চালকের দায়িত্বে থাকা সালমান সম্প্রতি এক প্রতিযোগীকে নিয়ে ইউটিউবার স্কাউটওপির করা মন্তব্যের প্রসঙ্গ টেনে অনলাইন ট্রলিংয়ের সংস্কৃতি নিয়ে কথা বলেন। তাঁর ভাষ্য, কাউকে ছোট করে বা অপমান করে যদি কেউ অর্থ উপার্জন করেন, তাহলে তাতে সেই ব্যক্তির মানসিকতার পাশাপাশি তাঁর পারিবারিক শিক্ষারও প্রকাশ ঘটে।

সালমান বলেন, মানুষের চেহারা, ওজন, পরিবার, ক্যারিয়ারে ব্যর্থতা কিংবা ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে কটাক্ষ করার আগে ভাবা উচিত। তাঁর কথায়, ‘কাউকে নিচে নামিয়ে আপনি টাকা আয় করছেন। আসলে আপনি কীভাবে বড় হয়েছেন আর কী শিখেছেন, সেটাই মানুষকে দেখাচ্ছেন।’

এ প্রসঙ্গেই নারীদের সন্তান জন্মের পর শরীর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা কটাক্ষের কথা তোলেন সালমান। কারও নাম না নিলেও তাঁর মন্তব্যের সঙ্গে সম্প্রতি ক্যাটরিনা কাইফকে নিয়ে হওয়া ট্রলিংয়ের যোগ খুঁজে পেয়েছেন অনেকে। মুম্বাইয়ের গণেশ উৎসবের অনুষ্ঠানে ক্যাটরিনার উপস্থিতির কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর চেহারা ও ওজন নিয়ে নানা মন্তব্য করেন কেউ কেউ। সম্প্রতি মা হওয়া অভিনেত্রীর সন্তান জন্মের পরের শারীরিক পরিবর্তন নিয়েও শুরু হয় আলোচনা।

সালমান বলেন, ‘কেউ অন্তঃসত্ত্বা হলে তাঁকে কেন ট্রল করবেন? সন্তান ধারণের পর সবাই কিছুটা ওজন বাড়ায়। অন্তঃসত্ত্বা ছিলেন, তাই ওজন বেড়েছে। আবার সিনেমায় ফিরলে ফিট হয়ে যাবেন। তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে চেয়েছেন।’

ক্যাটরিনার প্রসঙ্গ ছাড়িয়ে সালমান নিজের বয়স ও চেহারা নিয়েও কথা বলেন। দীর্ঘ ক্যারিয়ারে তাঁর চেহারার পরিবর্তন নিয়েও কম কটাক্ষ শুনতে হয়নি। ৬০ বছর বয়সে এসে আগের মতো তরুণ দেখাবেন, এমন প্রত্যাশার সমালোচনা করে তিনি বলেন, ‘বুড়ো হয়ে গেছি, অবশ্যই ৬০ বছর বয়স হয়েছে। সব সময় তো “ম্যায়নে পেয়ার কিয়া”র মতো থাকতে পারবেন না।’


তারকাদের বয়স বাড়াকে স্বাভাবিকভাবে নেওয়ার আহ্বান জানিয়ে সালমান আরও বলেন, নিজের চেহারা নিয়ে যাঁরা অসন্তুষ্ট, তাঁরা কেন অন্যের চেহারা ও ওজন নিয়ে মন্তব্য করতে সময় ব্যয় করেন, সেটিও তাঁর বোধগম্য নয়।


পর্বটিতে এ নিয়ে বেশ ক্ষুব্ধই দেখা যায় সালমানকে। একপর্যায়ে তিনি টুপি ও টি-শার্ট খুলে মেকআপ আর্টিস্ট রাজুকে ডাকেন। এরপর নিজের মেকআপও মুছে ফেলেন। চেহারা নিয়ে নিয়মিত মন্তব্য করা মানুষদের প্রতি এটি যেন তাঁর সরাসরি বার্তা—বয়স ও সময়ের সঙ্গে মানুষের চেহারা বদলাবেই, সেটিই স্বাভাবিক।

এনডিটিভি অবলম্বনে


বাংলাদেশ ও বিশ্বের সকল খবর, ব্রেকিং নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন নিউজসেলবিডি ডট কম।

  • গোপনীয়তার নীতি
  • শর্তাবলি
  • মন্তব্য প্রকাশের নীতিমালা
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ছুটির তালিকা
  • দিবস

সম্পাদক ও প্রকাশক: শামীম রনি

  • ফোন : 01700000000
  • ফ্যাক্স : 01700000000
  • ই-মেইল: info@newscellbd.com
  • বিজ্ঞাপন বিভাগ: ad@newscellbd.com

logo

সোশ্যাল মিডিয়া

logologologologologo
logo

নিউজলেটার

logo

মোবাইল অ্যাপস

অ্যান্ড্রয়েড

আইফোন

স্বত্ব © ২০২৫-২০২৬ নিউজ সেল

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।